বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর মাঠে গড়াবে ডিসেম্বরে। তবে দলগুলো এরই মধ্যে খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করা শুরু করেছে। কিন্তু বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিবির চুক্তি শেষ হয়ে গেছে গেল আসরেই।
নতুন চুক্তি হওয়ার আগেই খেলোয়াড়দের দলে ভেড়ানোয় স্বাভাবিকভাবেই কিছু জটিলতা থাকে। তা ছাড়া আইকন খেলোয়াড় ও খেলোয়াড় রিটেইন করার বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু সাকিব আল হাসানের সঙ্গে আইকন ক্যাটাগরিতে এরই মধ্যে চুক্তি করে ফেলেছে রংপুর রাইডার্স। বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ান মরগানকে দলে ভিড়িয়েছে ঢাকা ডায়নামাইটস। রাজশাহী কিংস নিয়েছে জেপি ডুমিনি, খুলনা নিয়েছে শেন ওয়াটসনকে।
সব মিলে কিছু জটিলতা তৈরি হয়েছে। আর যেসব জটিলতা তৈরি হয়েছে তা নিরসনে রোববার জরুরি বৈঠক বসতে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল। শনিবার বিসিবিতে বেশ ক’জন পরিচালকদের মধ্যে হওয়া অনানুষ্ঠানিক বৈঠকের পর এসব তথ্য জানান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুব আনাম।
দিন দুয়েক আগে ঘটা করে রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু তাতে তৈরি হয়েছে জটিলতা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে মাশারাফী বিন মোর্ত্তজা খেলেছিলেন রংপুরে। সাকিব সেখানে যোগ দেওয়ায় দলটাতে আইকন খেলোয়াড়ের সংখ্যা এখন দুজন। আর ঢাকার কোনো আইকনই নেই। কোনো কিছু না জানিয়ে সাকিবের ঢাকা ডায়নামাইটসে চলে যাওয়াও যেমন ভালোভাবে নিতে পারছেন না ঢাকা ডায়নামাইটস।
মাহবুব আনাম সংবাদমাধ্যমকে বলেন, আমরা বিষয়টি নিয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এবং বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনা করব। ৪৮ ঘণ্টার মধ্যে একটা সিদ্ধান্তে আসার কথাও জানান মাহবুব আনাম। এদিকে চিটাগং ভাইকিংসের নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিয়েও আলোচনা হবে বৈঠকে।
