বছর শেষের আগে সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্কবার্তা জাতিসংঘের

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০২:৫০ এএম

জাতিসংঘ সতর্ক করে বলেছে, কিছুদিন ধরে বন্ধ থাকা সন্ত্রাসীদের আন্তর্জাতিক সহিংসতা খুব দ্রুতই শুরু হতে পারে। এ বছর শেষ হওয়ার আগে বেশ কিছু হামলা হতে পারে। সংস্থাটির প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল

শনিবার দ্য গার্ডিয়ানের খবরে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষজ্ঞ পর্যবেক্ষকরা মত দিয়েছেন, বৈশ্বিক ইসলামপন্থি চরমপন্থি আন্দোলনগুলো সম্প্রতি পিছু হটলেও বড় ঝুঁকি হিসেবে রয়েছে। প্রতিবেদনটির রচয়িতারা প্রায় ৩০ হাজার বিদেশির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যারা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কথিত খেলাফতে যোগ দিয়েছে তারা এখনো জীবিত থাকতে পারে।

প্রতিবেদনে বলা হয়, সুদূর ভবিষ্যতে তারা (বিদেশি) আন্তর্জাতিক উদ্বেগের বিষয় হতে পারে। কেউ কেউ আল-কায়েদা কিংবা উদীয়মান নতুন কোনো সন্ত্রাসী সংগঠনে যোগ দিতে পারে। তাদের কেউ কেউ নেতা কিংবা উগ্র মতাদর্শে দীক্ষাদানকারী হবে।

জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে বিশ্বজুড়ে নিরাপত্তা বাহিনীগুলোর সম্মিলিত চিন্তার অংশবিশেষ যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, আইএসের ভূখণ্ডগত খেলাফত না থাকলেও সংগঠনটির উত্থানের কারণ এখনো অবশিষ্ট আছে। আইএস, আল-কায়েদা কিংবা এ ধরনের অন্য গোষ্ঠীগুলোর হুমকি কমার সম্ভাবনা নেই।

২০১৫ ও ২০১৬ সালে চরমপন্থিরা ফ্রান্স, বেলজিয়াম ও জার্মানিতে শত শত মানুষকে হত্যা করে। এরপর থেকে সফল হামলা কম হলেও ইউরোপের প্রতি এখনো উচ্চপর্যায়ের হুমকি রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত