ফের বিদেশি ট্যাংকার আটক করল ইরান, তেল পাচারের অভিযোগ

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০৭:০৯ পিএম

পারস্য উপসাগরে আরেকটি বিদেশি ট্যাংকার আটক করেছে ইরান। তেল পাচার করার অভিযোগে জাহাজটি আটক করা হয়েছে বলে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে।

বিবিসি জানায়, তেল পাচারের অভিযোগে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ট্যাংকার আটক করল ইরান। এর আগে ১৩ জুলাই পানামার পতাকা সম্বলিত একটি ট্যাংকার আটক করে দেশটি।

রবিবার ইরানের বিপ্লবী গার্ডের এক কমান্ডার জানান, পারস্য উপসাগর দিয়ে ট্যাংকারটির মাধ্যমে কিছু আরব দেশে এই তেল পাচার করা হচ্ছিল।

ট্যাংকারটি ৭ লাখ লিটার তেল বহন করছিল। জাহাজটির সাতজন ক্রুকেও আটক করা হয়েছে।

গত ১২ মে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপকূলসংলগ্ন ওমান উপসাগরে রহস্যজনক হামলায় চারটি তেলের ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়। এর দুটি সৌদি আরবের, একটি নরওয়ের ও অপরটি ইউএইর। যুক্তরাষ্ট্রের ভাষ্য, ইরানের নৌমাইন প্রায় নিশ্চিতভাবে এই হামলার নেপথ্যে রয়েছে।

এ ঘটনার পর থেকে উপসাগরীয় অঞ্চলে ইরানের সঙ্গে পশ্চিমা শক্তি ও তাদের মিত্র আরব রাষ্ট্রগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। পাল্টাপাল্টি ট্যাংকার আটকের ঘটনা ঘটে। ইরান ও যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি ড্রোনও ভূপাতিত করার ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত