মৃত্যু কামনাকারী এখন মেসিরই সতীর্থ!

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১২:৫৯ এএম

একদা নিয়মিত লিওনেল মেসির মৃত্যু কামনা করতেন। টুইটে মেসির প্রতি ঝরে পড়ত ঘৃণা। সেই জুনিয়র ফিরপোই কি না বার্সেলোনাতে আর্জেন্টাইন জাদুকরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন! বৈচিত্র্যময় এই ডিফেন্ডারের সঙ্গে মেসির রসায়নটা কেমন হতে পারে? রবিবার রিয়াল বেতিস থেকে ২২ বছরের জুনিয়রকে পাঁচ বছরের চুক্তিতে কিনেছে কাতালানরা। ১৮ মিলিয়ন ইউরোর চুক্তি। এর সঙ্গে বাড়তি পাওয়া ১২ মিলিয়ন ইউরো। বাই আউট ক্লজ ২০০ মিলিয়ন। ডমিনিকান রিপাবলিকে জন্ম। ছয় বছর বয়স থেকে স্পেনে, বেতিসের সঙ্গে। স্পেনের সাফল্যময় ২০১৮ অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মাতিয়েছেন। গত মৌসুমে বেতিসের হয়ে লা লিগায় তার অভিষেক। লেফটব্যাক হলেও উইঙ্গার ও সেন্ট্রাল ডিফেন্সে পারদর্শী। গোলও করেন।

আগের রিপোর্ট, জুনিয়রকে মেসি ন্যু ক্যাম্পে চাননি। ২০১২ সালে ১৫ বছরে জুনিয়র অশ্রাব্য অনেক টুইট করেছেন মেসিকে নিয়ে। তার মধ্যে ভদ্রস্থ একটি এমন, ‘আমি চাই এই নর্দমার কিটটা ইনজুরিতে পড়ুক। মরে যাক। ওর গোল করা থামুক।’ বার্সায় যোগ দেওয়ার দিনে নরম কণ্ঠে অবশ্য বলেছেন, বয়স ছিল কম। না বুঝে করেছেন। এখন জুনিয়রের বিশ্বাস, ব্যালন ডি’অর প্রতিবার শুধু মেসিকে দিয়ে অন্যদের জন্য ভিন্ন পুরস্কারের ব্যবস্থা করা উচিত!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত