অনুমোদিত প্রকল্পে নির্ধারিত সময়ে ও মানসম্মত বাস্তবায়ন নিশ্চিতে তদারকি বাড়ানো হবে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে পর্যায়ক্রমে সব বড় প্রকল্পে সিসি ক্যামেরা বাসানো হবে। মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হবে। প্রকল্প পরিচালকরা যাতে প্রকল্প এলাকায় থাকেন ও ঘনঘন বদলি করা যেন না হয়, সে উদ্যোগ নেওয়া হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন। ব্রিফিংকালে পরিকল্পনা সচিব মো. নূরুল আমিন এবং সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম উপস্থিত ছিলেন। এম এ মান্নান বলেন, প্রকল্প একবার সংশোধন হতে পারে, কিন্তু তিনবার সংশোধন হবে কেন? এটা স্বাস্থ্যসম্মত নয়। তৃতীয়বার প্রকল্প সংশোধনের জন্য এলে তা প্রধানমন্ত্রীর নজরে আনা হবে। কারণ বারবার প্রকল্প সংশোধনী প্রধানমন্ত্রী ভালো চোখে দেখেন না। কারা কারা তিনবার সংশোধনী প্রস্তাব নিয়ে আসেন, তাদের তালিকা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় আনা হবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে পর্যায়ক্রমে সব বড় প্রকল্পে সিসি ক্যামেরা বাসানো হবে। ইতিমধ্যেই পানিসম্পদ মন্ত্রণালয়ের কিছু প্রকল্পে মনিটরিং শুরু হয়েছে। প্রযুক্তি যেহেতু এগিয়ে যাচ্ছে আমরা কেন তার ব্যবহার করব না। এক্ষেত্রে নতুন করে একনেক সভার এজেন্ডায় প্রয়োজনে এ রকম প্রকল্পের তালিকা যুক্ত করতে হবে।
