যুক্তরাজ্যে সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার দেশে ফিরবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, ‘বুধবার বিকেল ৬টা ২০ মিনিটে (লন্ডনের স্থানীয় সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সদস্য সহকারী প্রেস সচিব ইহসানুল করিম দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৯ জুলাই থেকে ৬ আগস্ট প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে বিভিন্ন নানা কর্মসূচিতে অংশ নেন। সেখানে থেকেই তিনি সরকারের বিভিন্ন ফাইলে স্বাক্ষর করেন। এ ছাড়া দেশে বন্যা, ছেলেধরা, গণপিটুনি, ডেঙ্গুসহ বিভিন্ন ইস্যুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলীয় নেতা-কর্মীদের দিক নির্দেশনা প্রদান করেছেন।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটির বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ জুলাই লন্ডনে যান। সেখানে অবস্থানকালে তিনি ২০ জুলাই বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন। লন্ডনে কমনওয়েলথ মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ড এবং লর্ড আহমেদ অব উইম্বলডন পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাঁ চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
