যশোরে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০৯:০২ পিএম

যশোরের মনিরামপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাই ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে বড় ভাই মকবুল হোসেন গাজীকে খুন করেছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর ইউনিয়নের দেবিদাসপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন গাজী ওই গ্রামের মৃত মকছেদ গাজীর বড় ছেলে। ঘাতক ছোট ভাই মফুজার হোসেন পলাতক।

থানার এসআই তপন কুমার সিংহ এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিস্তার ফারুক জানান, দেবিদাসপুর গ্রামের মৃত মকছেদ গাজীর দুই ছেলে মকবুল হোসেন ও মফুজার হোসেনের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে ১০ বছর ধরে বিবাদ চলে আসছে। ইতিমধ্যে তিনি বেশ কয়েকবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠক করেও ছোটভাই মফুজারের একগুঁয়েমির কারণে দ্বন্দ্বের সমাধান করতে পারেননি।

নিহত মকবুল হোসেনের স্ত্রী কোহিনুর বেগম জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মফুজার প্রায়ই তার স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির সামনে নিজের সারের দোকানে বসেছিলেন মকবুল হোসেন। এ সময় ছোটভাই মফুজার হোসেন বাড়ি থেকে ধারালো হাঁসুয়া নিয়ে দোকানে গিয়ে মকবুল হোসেনকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়।

মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত