বাংলাদেশ উন্নত দেশ হতে যাচ্ছে বলেই ডেঙ্গুর বাহক এডিসের মতো ‘এলিট’ মশা এসেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) আয়োজিত ‘আমার গ্রাম আমারশহর’ বাস্তবায়নে করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, যে দেশ যত উন্নত হচ্ছে, সে দেশে তত রোগের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গুর বাহক ‘এলিট’ শ্রেণির একটি মশা। এ মশা সিঙ্গাপুর, ব্যাংকক, কলকাতা শহরে দেখা যাচ্ছে। বাংলাদেশ যখন উন্নত হতে যাচ্ছে, তখন ডেঙ্গু এসেছে। মানুষের যত অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে, তত নানা রোগে আক্রান্ত হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব পদক্ষেপ নিচ্ছেন তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশের মানুষকে আত্মমর্যাদাশীল ও স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তোলা, যা বঙ্গবন্ধু চেয়েছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘ ২১ বছর অপশাসন ও স্বৈরশাসন, স্বাধীনতাবিরোধীদের অত্যাচার ও নির্যাতন এবং তাদের তৈরি করা আইনের কারণে আমরা পিছিয়ে পড়েছিলাম। বঙ্গবন্ধুকন্যা সেসব সংকট উতরে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সোনার বাংলা, তথা গ্রামের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
বাপার্ডের মহাপরিচালক শেখ মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বাপার্ডের পরিচালক (প্রশাসন) ড. আলমগীর হোসেন, প্রকল্প পরিচালক মাহামুদুন্নবী, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বক্তব্য দেন।
