ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসারের গাড়িচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তার নাম মনির (৩৫)। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার আদালতে মামলা করেছেন এক প্রবাসীর স্ত্রী। মামলায় অভিযোগ করা হয়, একাধিকবার ধর্ষণ ও ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে মনির।
মামলার বিবরণে বলা হয়েছে, ওই নারীর স্বামী বিদেশে থাকার সুবাদে ইউএনওর গাড়িচালক মনিরের সঙ্গে তার বন্ধুত্ব হয়। প্রথমে গত ১৫ জানুয়ারি আখাউড়া উপজেলা পরিষদের ডাকবাংলোয় ডেকে নিয়ে ধর্ষণ করে মনির। এরপর ওই নারীর ভাড়া বাড়িতেও একাধিকবার ধর্ষণ করে। ওই নারী গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি মনিরকে জানালে যোগাযোগ বন্ধ করে দেয় মনির।
তবে গাড়িচালক মনির বলে, ‘ওই নারীকে আমি চিনি। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা।’
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা বলেন, ‘মনির ও ওই নারী দুজনই বিবাহিত। ওই নারী আমাকে জানিয়েছেন মনিরের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। মনির মাস্টার রোলে কাজ করে। সে এখন আর অফিসে আসছে না। আর তাকে আমি রাখবও না।’
মিরসরাইয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার : চট্টগ্রামের মিরসরাইয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার একরামুল হক (৫৫) নামে এক সিএনজিচালককে আটক করেছে পুলিশ। গত সোমবার স্কুল থেকে আসার পথে ওই ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে সে।
শিশুটির বাবা জানান, তারা গরিব। তাই অনেক কিছুর প্রতিবাদ করতে পারেন না। তিনি তার শিশুকন্যা নির্যাতনের উপযুক্ত বিচার চান।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম জানান, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
