টানা ছুটিতে স্থলবন্দর বাণিজ্যে স্থবিরতা

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ০২:৩৩ এএম

ঈদুল আজহা, জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে দেশের স্থল বন্দরগুলো দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার শেষ কর্মদিবসের পর বেশিরভাগ বন্দরই ফাঁকা হয়ে গেছে। আট থেকে ১০ দিন টানা ছুটির পর আবার শুরু হবে বন্দরগুলোর বাণিজ্যিক কার্যক্রম। তবে এই সময়ে পাসপোর্টধারী যাত্রীদের জন্য ভারতে যাওয়া-আসার ক্ষেত্রে ইমিগ্রেশন যথারীতি খোলা থাকবে।

দেশ রূপান্তরের প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিতÑ

পঞ্চগড় প্রতিনিধি জানিয়েছেন, ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকছে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের (চতুর্দেশীয়) একমাত্র স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা। আগামী ১৮ আগস্ট পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৯ আগস্ট যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে এ সময় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মানুষ পারাপারের কার্যক্রম (ইমিগ্রেশন চেকপোস্ট) স্বাভাবিক থাকবে।

পঞ্চগড় জেলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মেহেদি হাসান খান বাবলা জানান, ঈদের কারণে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্তের বিষয়টি ভারতের নর্থবেঙ্গল এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন, ভুটান এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন

ও নেপাল এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনকে লিখিতভাবে জানানো হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি জানিয়েছেন, সাপ্তাহিক সরকারি ছুটি ও ঈদুল আজহা উপলক্ষে টানা আট দিনের ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে পাসপোর্টধারী যাত্রীদের জন্য ভারতে যাওয়া-আসার ক্ষেত্রে ইমিগ্রেশন যথারীতি খোলা থাকবে। ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, শুক্রবার (৯ আগস্ট) সাপ্তাহিক সরকারি ছুটির দিন ১৫ আগস্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবসসহ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৬ আগস্ট ভোমরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ১৭ আগস্ট থেকে ফের কর্মচঞ্চল হয়ে উঠবে ভোমরা স্থলবন্দর।

শার্শা প্রতিনিধি জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে বেনাপোল বন্দর ফাঁকা হতে শুরু করেছে। ঈদের পর এক দিন কর্মদিবসে ছুটি ম্যানেজ করে টানা ৯ দিনের ছুটি নিয়েছেন অনেকেই। বেনাপোল কাস্টম হাউজের সহকারী কমিশনার উত্তম চাকমা বলেন, যদিও আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকছে তারপরও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। বেনাপোল চেকপোস্টে যারা কর্মরত, তাদের পরিবর্তে ভিন্ন ধর্মাবলম্বীদের দিয়ে ডিউটি করানো হচ্ছে। তারাই কাস্টম, বন্দর ও চেকপোস্টের বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করবেন।   

দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৯ দিন ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুদেশের মধ্যে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি রয়েছে, এ কারণে হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়াও আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস রয়েছে। এ উৎসব ও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আগামীকাল ১০ আগস্ট শনিবার থেকে ১৭ আগস্ট শনিবার পর্যন্ত টানা আট দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। সে মোতাবেক আজ শুক্রবার থেকে টানা ৯ দিন আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৮ আগস্ট রবিবার থেকে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হওয়ার কথা রয়েছে।

লালমনির হাট প্রতিনিধি জানিয়েছেন, বাংলাদেশ-ভারত উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী টানা সাত দিন বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংরাবান্দা শুল্কস্টেশন ১০ আগস্ট শনিবার থেকে আগামী ১৬ আগস্ট শুক্রবার টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭ আগস্ট শনিবার পুনরায় সচল হবে বন্দরের যাবতীয় কার্যক্রম। তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত