ইংলিশ লিগে খেলে ইতিহাস কিউবান এই ফুটবলারের

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১২:২২ পিএম

লিভারপুলের বিপক্ষে বড় ব্যবধানের হারের ম্যাচে নরউইচ সিটির হয়ে মাঠে নেমে দারুণ এক রেকর্ড গড়েলেন কিউবান ফুটবলার ওনেল হের্নান্দেস। দেশটির প্রথম ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার নজির গড়লেন এই উইঙ্গার।

শুক্রবার ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে মুখোমুখি হয় লিভারপুল ও নরউইচ সিটি। অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে ৪-১ গোলে হারে নরউইচ। দল হারলেও ফুটবলে বিশ্বের সবচেয়ে দামী লিগে খেলার ইতিহাস কিউবান হের্নান্দেস। এই নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মোট ১১৪টি দেশের খেলোয়াড় প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন।

হের্নান্দেসের জন্ম সমাজতান্ত্রিক দেশ কিউবায় হলেও ছয় বছর বয়সে তার মায়ের সঙ্গে চলে আসেন জার্মানিতে। এই দেশের ফুটবলের সঙ্গে তার বেড়ে ওঠা। দেশটির ক্লাব আর্মিনিয়া বিলেফেল্ডের হয়ে ২০১০ সালে অভিষেক হয়েছিল তার। দারুণ নৈপুণ্য দেখান আইনট্রাখট ব্রাউনশোয়াইগের হয়ে।

২০১৮ সালের জানুয়ারিতে নাম লেখান নরউইচে। গত মৌসুমের চ্যাম্পিয়ন্সশিপে ক্লাবটিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ২৬ বছর বয়সী হের্নান্দেস। ৩৯ ম্যাচে করেন আটটি গোল। এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার টিকিট পায় ক্লাবটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত