আমাজনের স্মার্ট স্পিকার ‘অ্যামাজন ইকো’এখন প্রযুক্তিপ্রিয় মানুষের অন্যতম আকর্ষণীয় পণ্য। ২০১৪ সালে বাজারে আসার কয়েক বছরের মধ্যে ডিজিটাল হোম অ্যাসিস্টেন হিসেবে এটি জায়গা করে নেয় প্রায় বিশ মিলিয়ন বাড়িতে ।
গান শোনানোর জন্য নির্দেশ করা, আবহাওয়ার পূর্বাভাস জানানো, কর্মপরিকল্পনা তৈরি করা, সংবাদ পড়ে শোনানো সহ নানা ধরনের কাজে দক্ষ এই ডিভাইসটি।
ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত স্মার্ট স্পিকারটি সব সময় অপেক্ষায় থাকে, ব্যবহারকারী কখন তাকে নির্দেশ দেবে। শুধু ‘অ্যালেক্সা’ নামে ডেকে প্রয়োজনের কথাটি জানালেই সে নির্দেশ পালন শুরু করে দেয়।
মজার কথা হচ্ছে এই অ্যামাজন ইকো এখন জায়গা করে নিয়েছে বিশ্ববিদ্যালয়েও। যুক্তরাষ্ট্রের মিসিসিপির প্রাচীন সেন্ট লুইস ইউনিভার্সিটির হোস্টেলগুলোতে যুক্ত করা হয়েছে এই স্মার্ট স্পিকার।
১৮১৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে এ প্রযুক্তি যুক্ত করার ঘটনাকে অভূতপূর্ব হিসেবে দেখা হচ্ছে। শুধু অ্যামাজন ইকো নয়, এখানে যুক্ত করা হয়েছে থ্রিডি প্রিন্টার, রোবট এবং টাচস্ক্রিন টেবিল এবং হোয়াইট বোর্ড।
বেসরকারি বিশ্ববিদ্যালয়টির নতুন হোস্টেল গ্র্যান্ড হলটি নির্মাণ করা হয় ২০১৭ সালে। ৫২৮ টি কক্ষ নিয়ে এ হোস্টেলটিতে মূলত প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। এখানকার প্রতিটি রুমেই যুক্ত করা হয়েছে ইকো ডট স্পিকার। সেটি কীভাবে ব্যবহার করতে হবে, এমন নির্দেশাবলিও শিক্ষার্থীদের দেওয়া হয়েছে।
অ্যামাজনের মাধ্যমে ২৩০০টি ইকো ডট স্পিকারের বিশাল একটি নেটওয়ার্ক বসানো হয়েছে হোস্টেলটি জুড়ে। প্রত্যেকটি স্পিকারই ১৩৫টির প্রশ্নের উত্তর দিতে পারে, সেই সঙ্গে পালন করে ব্যবহারকারীর নানা নির্দেশও। ক্যাম্পাস ইভেন্ট, বিল্ডিং আওয়ার্স, ফুড অপশন সহ নানা ধরনের সেবা সম্পর্কে এই স্মার্ট স্পিকারই জানাবে শিক্ষার্থীদের।
এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই নিজের পছন্দের গান শুনতে পারবে। এ ছাড়া পডকাস্ট এবং লাইভ রেডিও শোনা যাবে। এ ছাড়া ফোন করা এমনকি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস অ্যাফেয়ার্সের সঙ্গেও যোগাযোগ করা যাবে এর মাধ্যমে।
