ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের তিন বাহিনীর নেতৃত্বে থাকবেন একজন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস)। গতকাল বৃহস্পতিবার ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসে তিনি এ ঘোষণা দেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
দিল্লির লাল কেল্লায় ৯৩ মিনিটের বক্তব্যের এক পর্যায়ে মোদি বলেন, ‘আমাদের বাহিনীগুলো ভারতের গর্ব। বাহিনীগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়াতে আমি লাল কেল্লা থেকে বড় একটি সিদ্ধান্তের ঘোষণা দিতে চাই। ভারতের একজন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) থাকবে। এটা বাহিনীগুলোকে আরও কার্যকর করবে।’
সেনা, নৌ কিংবা বিমানবাহিনীর চার তারকা থাকা কর্মকর্তা হবেন সিডিএস। তিনি তিন বাহিনীর প্রধানের জ্যেষ্ঠ হবেন এবং সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রধানমন্ত্রীর যোগাযোগের কেন্দ্রবিন্দু হবেন। ১৯৯৯ সালে কারগিল যুদ্ধের পর একটি কমিটি প্রথমবারের মতো ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ পদ তৈরির সুপারিশ করে। মোদির নেতৃত্বাধীন বিগত সরকারে দুই বছরের জন্য প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা মনোহর পারিকরও সিডিএস ধারণায় শক্ত সমর্থন দেন। গতকাল প্রধানমন্ত্রীর ঘোষণাকে তাৎক্ষণিকভাবে স্বাগত জানান সাবেক সেনাপ্রধান জেনারেল বেদ প্রকাশ মালিক। তিনি কারগিল যুদ্ধের সময় সেনাবাহিনীর প্রধান ছিলেন।
