গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে গতকাল রবিবার খালা ও ভাগিনার মৃত্যু হয়েছে। একই দিন নেত্রকোনার মদন উপজেলায় এক শিশু ও চাঁদপুরের হাজীগঞ্জে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুর : কালীগঞ্জে মারা যাওয়া দুজন হলেন খালা নাজিয়া আক্তার (১৯) ও ভাগিনা মো. নাসিম হোসেন (১৭)। নাসিম হোসেন উপজেলার তুমলিয়া ইউনিয়নের অলুয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। সে মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। খালা নাজিয়া আক্তার ডাঙ্গা ইউনিয়নের মাথিরচর এলাকার খাদিজা আক্তারের মেয়ে। সে কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। খালা-ভাগিনা মিলে বঙ্গবন্ধু বাজার সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে ডুবে যায়।
নেত্রকোনা : নেত্রকোনার মদন উপজেলায় গতকাল সকালে আব্দুল্লাহ নামের এক শিশু (১৮ মাস) পানিতে ডুবে মারা গেছে। সে উপজেলার শিবাশ্রম গ্রামের ওমর ফারুকের ছেলে। একা খেলার সময় বাড়ির সামনের ডোবায় পড়ে এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নে গতকাল দুপুুরে আবু ছাইদ নামের (১৪ মাস) এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই ইউনিয়নের রামপুর গ্রামের আবুল কালাম মজুমদারের ছেলে।
