২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত পলাতক ১৯ আসামিকে দেশে ফিরিয়ে আনা ও মামলার রায় কার্যকর করার দাবি জানিয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। গতকাল সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধনে এ দাবি জানানো হয়। অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, ‘২১ আগস্ট আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করা হয়েছিল। তারেক জিয়া এখনো লন্ডনে বসে ষড়যন্ত্র করছে। বঙ্গবন্ধু হত্যার পলাতক আসামি ও গ্রেনেড হামলায় জড়িতদের দ্রুত বিচারের রায় কার্যকরের দাবি করছি।’ কণ্ঠশিল্পী রফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু হত্যা ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করা হোক।’
এ সময় উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী এসডি রুবেল, অভিনেত্রী তারিন জাহান, কবি রবীন্দ্র গোপসহ নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।
