বিএনপির রাজনীতির দুর্গন্ধ বিদেশেও ছড়াবে : তথ্যমন্ত্রী

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ০৪:১৪ এএম

বিএনপি বিদেশের মাটিতে খালেদা জিয়ার মুক্তির ইস্যুটি তুললে তাদের রাজনীতির দুর্গন্ধ বিদেশেও ছড়াবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘বেগম জিয়ার মুক্তির জন্য বিএনপি বিদেশিদের শরণাপন্ন হতে যাচ্ছে’ এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, নিম্ন আদালত দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছিল। রায়ের পর বিএনপি উচ্চ আদালতে আপিল করলে আদালত তার সাজার মেয়াদ বাড়িয়ে ১০ বছরের কারাদন্ড দেয়। তিনি কীভাবে এতিমদের অর্থ আত্মসাৎ করেছেন তা দেশবাসী জানে। এখন যদি তারা ইস্যুটিকে আন্তর্জাতিক মহলে নিয়ে যান, তবে বিশ্ববাসীও তা জানবে।

বিএনপি মহাসচিবের ‘আওয়ামী লীগ চামড়া শিল্প ধ্বংস করে দিতে চায়’ এমন মন্তব্যের প্রতি সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘চামড়া শিল্প নিয়েও বিএনপির অপরাজনীতি সফল হয়নি। বর্তমান সরকারের আমলে চামড়া রপ্তানি ৪০০ মিলিয়ন ডলার থেকে ২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। দেশে গত ১০ বছরের অর্থনৈতিক উন্নয়নে মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির কারণে পশু কোরবানি দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে, আগের ৩০-৪০ লাখ পশুর জায়গায় এখন প্রায় ১ কোটি পশু কোরবানি হয়। সে তুলনায় ট্যানারির সংখ্যা বাড়েনি, যদিও অনেক চামড়া শিল্প প্রতিষ্ঠানের সক্ষমতা বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি চেয়েছিল এটা নিয়ে অপরাজনীতি করতে। কিন্তু তারা সফল হয়নি, সিন্ডিকেটের বিষয়টি পূর্ণ তদন্তে সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম ও আওয়ামী লীগের ডেপুটি প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার উপকমিটির সদস্য সুভাষ সিংহ রায়, তারিক সুজাত, কাশেম হুমায়ুন, এনামুল হক খসরু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত