রাম মন্দির নির্মাণে সোনার ইট দেবে মুঘল ‘যুবরাজ’

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ০৪:১৬ এএম

ভারতের অযোধ্যায় রাম মন্দির ও বাবরি মসজিদ বিতর্ক দীর্ঘ দিনের। হিন্দুদের মধ্যে কেউ কেউ জায়গাটিতে মন্দির তৈরির দাবি জানাচ্ছে আর মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে ১৯৯২ সালে ভেঙে ফেলা বাবরি মসজিদটি আবারও তৈরির। এ সংক্রান্ত একটি মামলা এখনো ঝুলছে দেশটির হাইকোর্টে। এ অবস্থায় নিজেকে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশধর পরিচয় দেওয়া ইয়াকুব হাবিবউদ্দিন টুসি নামের এক ব্যক্তি ঘোষণা দিয়েছেন, বিতর্কিত ওই জমিতে রাম মন্দিরই হওয়া উচিত। পারিবারিক সূত্রে ওই জমির মালিকানা নিজের দাবি করে তিনি বলেছেন, আদালতের রায়ে যদি জমির মালিকানা ফিরে পান, তবে সেখানে রাম মন্দির তৈরি করতে তিনি সোনার ইট সরবরাহ করবেন।

সমাজে প্রতিপত্তি, মান-মর্যাদা আর সেভাবে না থাকলেও সাধ্যমতো সেই রাজকীয় ঐতিহ্য বহন করে চলেছেন হায়দরাবাদের কাঞ্চনবাগের এই বাসিন্দা। সম্প্রতি রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন করেছেন ৫০ বছর বয়সী এই ব্যক্তি। গত শনিবার তিনি ইন্ডিয়া টুডেকে বলেন, উচ্চ আদালতকে তিনি জানিয়েছেন যে ওই জায়গার প্রকৃত দাবিদার তিনিই। ওই জায়গা তার হাতে তুলে দেওয়া হলে, রাম মন্দির তৈরির জন্য সব ব্যবস্থা করবেন। মন্দির তৈরির অনুমতি মিললেই সোনার ইট প্রদান করা হবে।

রাম মন্দির ‘ধ্বংস’ করে দেওয়ায় হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমাও চান হাবিবউদ্দিন। তিনি বলেন, হিন্দুদের ওপর যে অত্যাচার হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি। মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং আসাউদ্দিন ওয়েসীর মতো কিছু ছোটখাটো নেতা এগুলো নিয়ে রাজনীতি করছেন এবং মন্দির তৈরিতে বাধা দিচ্ছেন। 

হাবিবউদ্দিন টুসি বলেন, যেহেতু ওটা বিতর্কিত জায়গা তাই ইসলামের বিধান অনুযায়ী ওখানে কোনো দিন নামাজ হতে পারে না। তাই এটা নিয়ে লড়াই করার কোনো প্রশ্নই ওঠে না।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, হাবিবউদ্দিন টুসির আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। পরবর্তী যেকোনো দিন এর শুনানি হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত