অ্যাশেজ টেস্ট ক্রিকেটকে পুনরুজ্জীবিত করেছে: সৌরভ

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১২:০৯ পিএম

টেস্ট ক্রিকেটকে পুনরুজ্জীবিত করে তোলায় অ্যাসেজ সিরিজকে কৃতিত্ব দিচ্ছেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

লর্ডসে বৃষ্টির কারণে রোববার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড মধ্যকার শেষ হওয়া দ্বিতীয় টেস্ট ড্র হলেও দর্শকদের আনন্দ দেওয়ার সব উপকরণই মজুত ছিল ম্যাচটিতে। সেটা স্টিভেন স্মিথের সাহসী ব্যাটিং হোক বা জোফ্রা আর্চারের আগুনে বোলিং।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার চিরকালীন প্রতিদ্বন্দ্বিতাময় অ্যাসেজের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ। ক্রিকেট বিশ্বের বাকি টেস্ট খেলিয়ে দেশগুলিকে তাদের মান আরও বাড়ানোর আহ্বানও জানিয়েছেন সৌরভ। টুইটারে তিনি লিখেছেন, “অ্যাসেজ টেস্ট ক্রিকেটকে পুনরুজ্জীবিত করেছে। বাকি বিশ্বকেও তাদের মান বাড়াতে হবে।”

সৌরভের টুইটের উত্তর দেন ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং। ভাজ্জির দাবি, টেস্ট ক্রিকেটের মান তখনই বজায় রাখা সম্ভব যখন দল ভাল হয়। তার মতে টেস্ট ক্রিকেটে কোন কোন দল শক্তিশালী তাও জানান তিনি। হরভজনের দৃষ্টিতে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও নিউজিল্যান্ডই টেস্টের কড়া প্রতিদ্বন্দ্বী।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের অভিযান শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড নিজেদের মধ্যে খেলছে। এদিকে শ্রীলঙ্কার সঙ্গে তাদের দেশের দুই টেস্টের সিরিজ খেলছে নিউজিল্যান্ড।

এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডকে হারিয়ে তারা ৬০ পয়েন্ট পেয়েছে। অস্ট্রেলিয়া একটি জয় ও একটি ড্রয়ের মাধ্যমে পেয়েছে ৩২ পয়েন্ট। তারা দ্বিতীয় স্থানে। ইংল্যান্ড তৃতীয় স্থানে রয়েছে ৮ পয়েন্ট নিয়ে।

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই টেস্টের সিরিজের মধ্যে দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করবে ভারত। ২২ আগস্ট অ্যান্টিগুয়ায় শুরু হবে টেস্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত