বীরশ্রেষ্ঠ মতিউরের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০৩:১২ এএম

বাংলাদেশ বিমানবাহিনী গতকাল মঙ্গলবার যথাযথ মর্যাদায় শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট এম মতিউর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, মিলাদ মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করা হয়। এ সময় একাত্তরের মুক্তিযুদ্ধে মরহুমের গৌরবোজ্জ্বল আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। মিলাদ মাহফিলে বিমানবাহিনীর কর্মকর্তা, বিমানসেনা ও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে সকালে সহকারী বিমাবাহিনীপ্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল এ কে এম আহ্সানুল হক এবং বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. সাঈদ হোসেন মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট এম মতিউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন এবং শ্রদ্ধাবনত চিত্তে তার অবদানের কথা স্মরণ করেন। সহকারী বিমানবাহিনীপ্রধান (প্রশাসন) তার কবরে পুষ্প স্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত