যৌতুকের জন্য গৃহবধূ হত্যার অভিযোগ স্বামী আটক

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০৩:১৩ এএম

জেলার বন্দর উপজেলায় যৌতুক না পেয়ে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত সোমবার রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলী সাহারদী এলাকায় সুমাইয়া আক্তার বর্ষা (২১) নামে ওই নারী হত্যার শিকার হন বলে স্বজনদের দাবি। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মোস্তাফিজুর রহমান নয়নকে আটক করেছে পুলিশ।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ২০১৩ সালে আলী সাহারদী এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে নয়নের সঙ্গে রাজধানীর কদমতলীর দনিয়া শরাইল এলাকার বাসিন্দা মনজুর ভূঁইয়ার বড় মেয়ে বর্ষার বিয়ে হয়। তাদের সংসারে সাড়ে চার বছরের একটি মেয়ে রয়েছে।

বর্ষার বাবা মনজুর ভূঁইয়া বলেন, ‘এক বছর আগে জমি বিক্রি করে সেই টাকা তিনি ব্যবসায় বিনিয়োগ করেন। এই কথা জানতে পেরে জামাতা নয়ন ব্যবসার কথা বলে পাঁচ লাখ টাকা দাবি করে। এ নিয়ে নয়ন ও বর্ষার মধ্যে কলহ চলতে থাকে। টাকা না দেওয়ায় নয়ন স্ত্রীকে মারধরসহ শারীরিক নির্যাতন করে। এ নিয়েই সোমবার রাতে সে বর্ষাকে আবারও মারধর এবং শ্বাসরোধে হত্যা করে।’ বন্দর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ওসি রফিকুল ইসলাম বলেন, বর্ষার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে বর্ষার বাবা বাদী হয়ে নয়নকে আসামি করে হত্যা মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত