সহপাঠীকে ধর্ষণের অভিযোগ

বিশ্ববিদ্যালয় থেকে শিঞ্জন বহিষ্কার

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ০২:২৪ এএম

সহপাঠীকে ধর্ষণের অভিযোগে কর কমিশনারের ছেলে শিঞ্জন রায়কে সাময়িকভাবে বহিষ্কার করেছে খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনার তদন্তে

 

 তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বুধবার উপাচার্য প্রফেসর ড. তারাপদ ভৌমিক বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিঞ্জনের ঘটনাটি শোনার পর নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার সন্ধ্যায় শিঞ্জনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নওশের আলী মোড়লকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সহপাঠী ছাত্রীকে (২০) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে খুলনা কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের ছেলে শিঞ্জন রায়কে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। শিঞ্জনের সঙ্গে এক বছর ধরে সম্পর্ক চলছিল ধর্ষণের শিকার ওই ছাত্রীর। তিনি বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলেও দাবি করেছেন। শিঞ্জন অন্য এক মেয়েকে বিয়ে করে। জানতে পেরে শিঞ্জনের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে মামলা করেন ওই ছাত্রী। শিঞ্জন এবং ওই ছাত্রী খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির এলএলবির শিক্ষার্থী।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত