রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান: ৮ লাখ টাকা জরিমানা

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১০:০৩ পিএম

নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকার দুই সিটি করপোরেশন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। আলাদা আলাদা এই অভিযানে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা পাওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পাঁচটি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন এলাকায় পরিচালিত হয়েছে।

ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হামিদ মিয়ার নেতৃত্বে সকাল থেকে গুলশান-বাড্ডা লিংক রোড এলাকায় একটি অভিযান শুরু হয়।

এ সময় গুলশান-বাড্ডা লিংক রোডের ১১৩ ও ১১৫নং সড়কের বিভিন্ন স্থাপনায় অভিযান চালায় আদালত। অভিযানে একটি নির্মাণাধীন ভবন এবং ‘হাশেম ইলেকট্রিক’ নামক একটি প্রতিষ্ঠানের ছাদে এডিস মশার লার্ভা পাওয়ায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। ‘হারমোনি হোল্ডিংস’ নামের একটি বাড়ির মালিককে করা হয় আরও ২ লাখ টাকা জরিমানা।

এছাড়া বারিধারা জে ব্লকে ‘গালফ অটো কারস লিমিটেড’-এর মালিককে আরেকটি ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হামিদ মিয়া জানান, ডিএনসিসির বৃহস্পতিবারের এ ‘চিরুনি অভিযানে’ মোট পাঁচটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত ২৬১টি বাড়ি পরিদর্শন করে মোট ১৮টি বাড়িতে এডিস মশার লার্ভা পেয়েছে। এ বাড়িগুলোর সামনে ‘সাবধান, এ বাড়িতে/প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গিয়াছে’ লেখা স্টিকার লাগানো হয়।

তিনি জানান, মিরপুরের টোলারবাগে পরিত্যক্ত টায়ারে এডিস মশার লার্ভা পাওয়ায় একটি দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইভাবে ভাসানটেকে চারটি দোকানে এডিস মশার লার্ভা পাওয়ায় প্রত্যেককে ১০ হাজার টাকা করে, বারিধারা ‘জে’ ব্লকে ১৩টি দোকানের ট্রেড লাইসেন্স না থাকায় এবং ফুটপাত দখল করে ব্যবসা করায় মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে এডিস মশার লার্ভা জন্মানোর উপযোগী পরিবেশ ও নোংরা পরিবেশ থাকায় আরও চারটি ভবনকে জরিমানা করা হয়েছে।

তিনি জানান, চলতি মাসের ২০ তারিখ থেকে এ পর্যন্ত শুধু গুলশান-বনানী মোট ৬৫৮টি বাড়ি পরিদর্শন করে ৫৬টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত