ইওএস টেক্সটাইল মিলস অধিগ্রহণ করবে শাশা ডেনিমস। বাংলাদেশ ব্যাংক এর অনুমোদন দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
ইওএস টেক্সটাইল অধিগ্রহণে মূল্যও নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোম্পানিটির ৮০ শতাংশ শেয়ার ১১০ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার টাকায় কিনবে শাশা ডেনিমস। এর আগে ইওএস টেক্সটাইলের ৪০ শতাংশ শেয়ার ১০১ কোটি ৪০ লাখ টাকায় অধিগ্রহণের ঘোষণা দিয়েছিল শাশা ডেনিমস। যা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে কার্যকরের কথা ছিল। পরে শাশা ডেনিমস ইওএস টেক্সটাইলের ৪০ শতাংশ শেয়ারের পরিবর্তে ৮০ শতাংশ শেয়ার অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়। এখন বাংলাদেশ ব্যাংক এই ৮০ শতাংশ শেয়ারের মূল্য নির্ধারণ করেছে ১১০ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার টাকা। এই অধিগ্রহণ মূল্যের মধ্যে ৩০ কোটি টাকা কোম্পানির আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) ফান্ড থেকে দেওয়া হয়েছে। অবশিষ্ট অর্থ কোম্পানির ফান্ড থেকে দেওয়া হবে। এই ইওএস টেক্সটাইলের বাকি ২০ শতাংশ শেয়ার রয়েছে একই গ্রুপের শাশা স্পিনিংয়ের হাতে।
