কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক থাকার জন্য বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশ বদলে যাচ্ছে। আমরা জনগণের পুলিশ হওয়ার জন্য কাজ করছি।’ গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ২০ কর্মকর্তার র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পুলিশপ্রধান বলেন, ‘থানা হবে পুলিশি সেবার মূল কেন্দ্রবিন্দু। থানায় আসা সেবাপ্রত্যাশী মানুষ যেন হাসিমুখে ফিরে যেতে পারে সেজন্য সব পুলিশ সদস্যকে আন্তরিকভাবে সচেষ্ট থাকতে হবে। দ্রুততম সময়ে তাদের সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে হবে। সাধারণ জনগণের সম্পৃক্ততা ছাড়া জনবান্ধব পুলিশ হওয়া সম্ভব নয়।’
কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারের মাধ্যমে জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তোলার জন্য উপস্থিত সব পুলিশ কর্মকর্তাকে নির্দেশনাও প্রদান করেন তিনি।
জঙ্গি দমন প্রসঙ্গে আইজিপি বলেন, ‘জঙ্গিদের মোকাবিলায় সর্বদা তৎপর ও সজাগ থাকতে হবে। জঙ্গি দমনে ব্লক রেইড, চেকপোস্ট স্থাপন এবং তল্লাশি অভিযান জোরদার করতে হবে।’
জাবেদ পাটোয়ারী তার বক্তব্যের শুরুতে পদোন্নতি পাওয়া সব কর্মকর্তাকে অভিনন্দন জানান এবং তাদের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন। পরে তিনি অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে পদোন্নতিপ্রাপ্তদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি আবদুস সালাম, এসবি প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম এবং অতিরিক্ত আইজিপি (এইচআরএম) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ ঢাকায় পুলিশের সব ইউনিটপ্রধান ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
