এ বছর এইচএসসি পরীক্ষায় খাতা মূল্যায়নের পর নম্বর গণনায় ভুল করেছেন দেশের ৬০ জন শিক্ষক। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে গতকাল বৃহস্পতিবার তাদের কারণ দর্শানোর নোটিস (শোকজ) পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। চিঠি দেওয়ার ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে তাদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।
এর আগে এসএসসি পরীক্ষার ফলে এমন ভুল হওয়ায় একাধিক শিক্ষককে শোকজ করা হয় জানিয়ে তিনি বলেন, ‘একজন পরীক্ষার্থী অনেক প্রত্যাশা নিয়ে পরীক্ষা দেয়। কিন্তু শিক্ষকরা নম্বর গণনায় ভুল করার ফলে যদি ওই শিক্ষার্থী ফেল করে অথবা নম্বর কম পায় তা অনাকাক্সিক্ষত। এ কারণে আমরা এই বিষয়টিকে শক্তভাবে দেখতে চাই।’
গত ১৭ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হয়। এতে ৫৫৫ জন শিক্ষার্থী নতুন করে পাস করেন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৬৬ জন।
