১৬ ডিসেম্বরের আগেই মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা : মন্ত্রী

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ০১:৫২ এএম

আগামী বিজয় দিবসের আগেই যাচাই-বাছাই করে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও তাদের পরিচয়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে মোজাম্মেল হক বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বরের

আগে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আর চূড়ান্ত তালিকায় থাকা মুক্তিযোদ্ধারা কী কী সুবিধা পাবেন সেটা পরিচয়পত্রের পেছনে দেওয়া থাকবে।’ মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ‘তারা ঈদ বোনাস ছাড়াও বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের বোনাস পাবেন। এছাড়া সব সরকারি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের শতভাগ চিকিৎসা ব্যয় বহন করা হবে। সব মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনে হবে।’

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে যারা গুলি করে হত্যা করেছে আমরা তাদের বিচার করেছি। কিন্তু যারা হুকুম দিয়েছে তাদের বিচার হয়নি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পাকিস্তানি দূতাবাস, আমেরিকান দূতাবাস সারা রাত খোলা ছিল। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনি। খুনি না হলে আত্মস্বীকৃত খুনি যারা ছিল তাদের বিদেশে পাঠিয়ে বড় বড় পদে পদায়ন করতেন না।’ জিয়াকে নিয়ে আরও বলেন, ‘পাকিস্তানি পাসপোর্টধারী গোলাম আযমকে বাংলাদেশে এনে নাগরিকত্ব দেন। জামায়াতে ইসলামীকে রাজনীতি করার অনুমতি দেন। এতে পরিষ্কার বুঝা যায়, তিনি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত।’

মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন সভাপতি গাজী মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত