স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেনÑ রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন করাই উত্তম পন্থা। মিয়ানমারে তাদের প্রত্যাবর্তনের জন্য সরকার আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য জাতিসংঘসহ সবাই মিলে কাজ করছে। আমাদের পক্ষ থেকে উদ্যোগ অব্যাহত থাকবে।
গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, হবিগঞ্জের যেসব রাস্তা জনমানুষের কল্যাণের জন্য নির্মিত হওয়া দরকার তা অগ্রাধিকার দেওয়া হবে।
এর আগে মন্ত্রী হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে নির্মিত কিচেন মার্কেট উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুল মজিদ খান এমপি ও গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ এমপি, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, পৌর মেয়র মিজানুর রহমান মিজান, কাউন্সিলর শেখ নূর হোসেন, আবদুল আওয়াল মজনু প্রমুখ।
উল্লেখ্য, সরকারের বিএমডিএফ ও হবিগঞ্জ পৌরসভার যৌথ অর্থায়নে ২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে এ কিচেন মার্কেট নির্মাণ করে হবিগঞ্জ পৌরসভা।
