স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, সময়মতো সঠিক চিকিৎসা নিলে ডেঙ্গু রোগে মৃত্যু হয় না। দেশে যতগুলো রোগীর মৃত্যু হয়েছে, প্রায় সবাই দেরি করে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা সঠিক হয়নি বলে তাদের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেঙ্গু নিধনের উদ্যোগ নিয়ে মন্ত্রী বলেন, ‘সারা দেশের সিটি করপোরেশন একযোগে মশক নিধনে কাজ করছে। আমরা আশা করছি, এই ব্যবস্থা সারা বছরই বজায় থাকবে। তাহলে এডিস মশা কমে যাবে।’ তিনি বলেন, ‘প্রকৃতির ভারসাম্য রক্ষা না করলে এডিস মশার জন্ম নেবে, আর মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হবে। বাংলাদেশে এ পর্যন্ত ৬০ হাজার রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, প্রায় ৪৭ জন মানুষ ডেঙ্গু রোগে মারা গেছে। আমরা চাই আমার দেশের মানুষ রোগ-বালাই থেকে মুক্ত থাকুক। তাই আমাদের নিজ নিজ অবস্থান থেকে নিজের আঙিনা পরিষ্কার রাখতে হবে।’
সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান সভাপতিত্ব করেন, যাতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহসভাপতি আবদুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সভাপতি আনোয়ার হোসেন জ্যোতি, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাস্টার প্রমুখ।
