লাসিথ মালিঙ্গাকে অধিনায়ক করে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এর মধ্য দিয়ে আবার নেতৃত্ব ফিরে পেলেন ইয়র্কার স্পেশালিস্ট।
বিশ্বকাপের পর গত মাসে কলোম্বোতে বাংলাদেশের বিপক্ষে খেলে একদিনের ক্রিকেট থেকে অবসর নেন মালিঙ্গা। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি। দেশের মাটিতে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের নেতৃত্ব দেবেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে এক সেপ্টেম্বর থেকে পাল্লেকেলেতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবে শ্রীলঙ্কা। সিরিজে মালিঙ্গার ডেপুটি নিরোশন ডিকভেলা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজে ০-৩ ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা। সেই সিরিজের শ্রীলঙ্কা স্কোয়াড থেকে ৯ জন ক্রিকেটারকে কিউইদের বিপক্ষে দলে নেওয়া হয়নি।
