প্রকাশ্যে এলো অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ০৯:১৮ পিএম

‘আয়নাবাজি’ ছবি নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছিলেন অমিতাভ রেজা চৌধুরী। এরপর থেকেই দর্শকেরা অপেক্ষায় আছেন অমিতাভের পরবর্তী ছবি দেখার জন্য। অমিতাভও দর্শকের কথা বিবেচনায় রেখে কাজ শুরু করে দেন তার পরবর্তী ছবির। ছবির নাম ‘রিকশা গার্ল’।

২৫ আগস্ট অনলাইনে উন্মুক্ত হয়েছে ‘রিকশা গার্ল’ ছবির প্রথম লুক। এতে দেখা যায়, রঙিন ক্যানভাসে দুরন্ত এক কিশোরীর মুখ। শ্যাম বর্ণের সেই চোখে মুখে যেন না বলা অনেক গল্প। মায়াবী মুখে ভেসে ওঠে এক 'রিকশা-কন্যা'র উপাখ্যান। এমনই একটি গল্প দেখা যাবে ছবিতেও।

আন্তর্জাতিক মানের এই সিনেমাটি প্রযোজনা করেছেন এরিক জেমস্ অ্যাডামস। যৌথভাবে নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন ফরিদুর রেজা সাগর এবং জিয়াউদ্দিন আদিল। চিত্রনাট্য করেছেন নাসিফ ফারুক আমিন এবং শর্বরী জোহরা আহমেদ।

উল্লেখ্য, গত চার মাস ধরে পাবনা, গাজীপুরসহ ঢাকার বিভিন্ন লোকেশনে ‘রিকশা গার্ল’ ছবির শুটিং হয়। এর মধ্যে গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে দেশের প্রথম কোন সিনেমায় শতাধিক বস্তিঘরের সেট তৈরি করা হয়।'রিকশা গার্ল' নির্মিত হয়েছে মিতালী পার্কিন্সের বেস্টসেলার বই 'রিকশা গার্ল' অবলম্বনে।

ছবিতে রিকশা গার্ল নাইমার চরিত্রে অভিনয় করছেন নভেরা রহমান। রিকশাচালক বাবার বড় মেয়ে দুরন্ত কিশোরী নাইমা। মফস্বলে বেড়ে ওঠা স্বাধীনচেতা নাইমার জীবন তার রং তুলির মতোই বর্ণিল। নাইমা আলপনা এঁকে যা উপার্জন করে, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। অভাবের ভেতর দিয়ে চলতে থাকা পরিবারটির দুর্দশা শেষ হয় না ওই আয়ে। তবে জীবনের হরেক রকমের রং মিলেমিশে নাইমার তুলির আঁচড়ে আঁকা হয় সুন্দর সুন্দর আলপনা। একদিন চোখ ভরা স্বপ্ন নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে সে। নাইমার জীবনে আসে নতুন বাঁক। নতুন সব অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে সাহসী পথচলা শুরু হয় তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত