ইআরডির সভায় অর্থমন্ত্রী

প্রকল্পে দেশি পরামর্শক রাখার নির্দেশনা ছিল বঙ্গবন্ধুর

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১০:২১ পিএম

প্রকল্পে দেশি পরামর্শক থাকবে এ ধরনের নির্দেশনা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন তথ্য জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিশ্বব্যাংকের একটি প্রকল্পে বিদেশি পরামর্শকের পাশাপাশি দেশি একজন পরামর্শক রাখার নির্দেশ দিয়েছিলেন। প্রকল্পে পরামর্শক যৌথভাবে থাকবে এই ধারণাটি বঙ্গবন্ধু পোষণ করতেন। দেশি কনসালট্যান্ট তৈরি করতে হবে, এটাই ছিল তার উদ্দেশ্য। কারণ তিনি জাতিকে ভালো বাসতেন বলেও জানান অর্থমন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অর্থমন্ত্রী। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইআরডি সচিব মনোয়ার আহমেদ। গতকাল মঙ্গলবার এনইসি অডিটরিয়ামে এ সভা হয়।

বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে অর্থমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সান্নিধ্য আমি পেয়েছি। চারবার বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। ‘আরেক দিনের কথা বলি। আমরা অপেক্ষা করছিলাম বঙ্গবন্ধুর জন্য। বঙ্গবন্ধুর জন্য আরেকজন সরকারি কর্মকর্তা আমার আগে থেকেই অপেক্ষা করছিলেন। তার হাতে একটি ফাইল। বঙ্গবন্ধু এসেই বললেন, আপনি কী নিয়ে আসছেন? ওই কর্মকর্তা বললেন, একটি ফাইল নিয়ে আসছি, বিশ্বব্যাংকের ফাইল। ফাইলে বিশ্বব্যাংক একটি কনসালট্যান্টের নাম উল্লেখ করেছে। তারা ফ্যাক্ট ফাইন্ডিং স্টাডি করবে। বঙ্গবন্ধু জানতে চাইলেন বিশ্বব্যাংক কার নাম বলেছে। ওই কর্মকর্তা জানালেন, একটা জার্মান কোম্পানির নাম বলা হয়েছে।’

কোম্পানিটির নাম এগ্রো প্রগ্রেস জেএমবিএইচ। বঙ্গবন্ধু সঙ্গে সঙ্গে বলে দিলেন, না। বিশ্বব্যাংক একটি কনসালট্যান্টের নাম দেবে, এটা তো মানতে পারি না। এটি আমাদের প্রকল্প। তারা একটি কনসালট্যান্ট দিলে আমরা আরেকটি কনসালট্যান্ট দেব। একটি কনসালট্যান্ট যে নাম দিয়েছে, সে তো কাজ নাও করতে পারে। কাজটি তো আমাদের করতে হবে। সেজন্য আমরাও আমাদের একটি দেশি কনসালট্যান্টকে দেব।’

অর্থমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ধারণা ছিল- একজন বিদেশি কনসালট্যান্টকে কাজ দিচ্ছি কেন। আমাদের দেশি কনসালট্যান্ট দিতে হবে। যৌথভাবে থাকবে এই ধারণাটি বঙ্গবন্ধু পোষণ করতেন। দেশি কনসালট্যান্ট তৈরি করতে হবে, এই ধারণাটি বঙ্গবন্ধু পোষণ করতেন বলেও জানান অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত