পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা ব্যতীত প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রথম ও দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিজ নিজ স্কুলের শিক্ষকদেরই তৈরি করতে হবে। গতকাল এমন নির্দেশনা দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন স্বাক্ষরিত এক পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, ২০১৬ সালের ৬ ডিসেম্বর দেওয়া এক পরিপত্র অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শ্রেণির সমাপনী পরীক্ষা ব্যতীত প্রথম ও দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র উপজেলা অথবা থানা পরীক্ষা পরিচালনা ও সমন্বয় কমিটি কর্র্তৃক প্রণয়ন করা হয়। এতে পাঠদানে নিয়োজিত শিক্ষকদের প্রশ্ন করার বা প্রশ্নপত্র তৈরি করার স্বাভাবিক সক্ষমতা লোপ পাচ্ছে। শিক্ষকদের প্রশ্নপত্র করার দক্ষতা না থাকলে ছাত্রছাত্রীদের দক্ষতা যাচাই করা সম্ভব হবে না। ছাত্রছাত্রীদের সৃজনশীলতা সৃষ্টির জন্য প্রথমেই প্রয়োজন শিক্ষকদের মধ্যে সৃজনশীলতা সৃষ্টি। এতে ছাত্রছাত্রীদের মধ্যেও অনুসন্ধিৎসু সৃষ্টি হবে। এ কারণেই নিজ নিজ স্কুলের শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রশ্ন নিজেরাই তৈরি করবেন।
পরিপত্রে আরও বলা হয়েছে, কোনো অবস্থাতেই কোনো সমিতি বা অন্য কোনো উৎস থেকে প্রশ্ন সংগ্রহ করা যাবে না।
আকরাম আল হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘শিক্ষকরাই যদি সৃজনশীল না হন তাহলে ছাত্রছাত্রীরা সৃজনশীল কীভাবে হবে? আমরা খেয়াল করেছি প্রশ্নপত্র তৈরিতে দক্ষতার অভাব রয়েছে শিক্ষকদের। আর সেই দক্ষতা বাড়ানোর জন্যই নিজ নিজ স্কুলের শিক্ষকদের প্রশ্নপত্র তৈরি করতে বলা হয়েছে।’
