আলোচনায় পূর্তমন্ত্রী

বঙ্গবন্ধুর খুনিদের চাকরি ও পদোন্নতি দিয়েছেন খালেদা

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০৩:৩১ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছেন বলে অভিযোগ করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিভিন্ন মিশনে চাকরি ও পদোন্নতি দিয়েছেন। জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া একইভাবে কলঙ্কজনক অধ্যায় রচনা করে বঙ্গবন্ধুর খুনিদের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে বঙ্গবন্ধুর আদর্শের কর্মীদের ধ্বংস করতে সহায়তা করেছেন।’ গতকাল বুধবার রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষের (রাজউক) অডিটরিয়ামে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সংস্থাটির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। জিয়াউর রহমান নিজে বঙ্গবন্ধু হত্যার উপকারভোগী ও মদদদাতা। বঙ্গবন্ধুর খুনিদের সরাসরি রাজনীতিতে পুনর্বাসন ও প্রটেকশন দিয়েছেন এরশাদ। মন্ত্রী আরও বলেন, ‘১৯৭১ সালে যারা পরাজিত হয়েছিল, তারা পরাজয়ের প্রতিশোধ নিতেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। এরপর ৩ নভেম্বর জেলখানায় জাতীয় চার নেতাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। তারপরও তারা শঙ্কামুক্ত হতে পারেনি বলে ২০০৪ সালের ২১ আগস্ট আঘাত হানে শেখ হাসিনাসহ গোটা আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার জন্য।’

রাজউক চেয়ারম্যান ড. সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের সদস্য (পরিকল্পনা) সাঈদ নূর আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত