দেশের তিন জেলায় বন্যায়
ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের নেওয়া জরুরি কর্মসূচিতে ৫০ লাখ মার্কিন ডলার (৪২ কোটি টাকা) বরাদ্দ দিয়েছে জাতিসংঘ। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ডের (সিইআরএফ) এ তহবিল থেকে জামালপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নারীপ্রধান ৪৩ হাজার পরিবারকে সহায়তা করা হবে। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো বলেন,
প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণত নারী ও মেয়েশিশুরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হন। তাই সিইআরএফের এ প্রকল্প বন্যায় বিধ্বস্ত নারী ও শিশুদের জীবনযাত্রা পুনর্গঠনের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে জোরদার ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
