আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আওয়ামী লীগ নেতাদের নয়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত রক্তে রঞ্জিত। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিতসভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আনিসুল হক বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল জিয়াউর রহমানরা। রক্তে রঞ্জিত জিয়াউর রহমানের হাত। বিএনপি প্রতিষ্ঠা করার পর ক্যু’র নাটক করে সেনা ও বিমানবাহিনীর পাঁচ-ছয় হাজার সৈন্যকে হত্যা করেছিল জিয়া।’
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া মুজাহিদ-নিজামীকে নিয়ে মন্ত্রিসভা গঠন করেছিল। ১৯৭১ সালে নিজামী-মুজাহিদ নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আগুনসন্ত্রাস করে মানুষকে হত্যা করেছিল খালেদা জিয়া। ফখরুল সাহেব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) যে বলেন রক্তে রঞ্জিত আওয়ামী লীগের হাত, উনি হাতটা একটু দেখে নেন, উনার হাতে কত রক্ত লেগে আছে। তারপর উনি অন্যের দোষ দিয়েন।’
পরে আইনমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আনিসুল হকের সভাপতিত্বে বর্ধিতসভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার জীবন ও কাজী আজহারুল ইসলাম, এমএজি হাক্কানী, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমি ভূঞা বকুল, আনিছুল হক ভূঞা।
বিএনপি ষড়যন্ত্রে ওস্তাদ : আইনমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ক্যু’র নাটক সাজিয়ে আর্মির অন্তত পাঁচ থেকে ছয় হাজার সৈন্যকে হত্যা করেছেন। রক্ত কার লেগেছে জিয়াউর রহমানের গায়ে লেগেছে। খালেজা জিয়া কানসাটে কৃষক হত্যা করেন। তার থেকে প্রমাণ পায় যে বিএনপির হাতই রক্তে রঞ্জিত এবং বিএনপি ষড়যন্ত্রে ওস্তাদ।
গতকাল বেলা ১১টার দিকে আখাউড়া রেলস্টেশন চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ প্রণোদনা কর্মসূচি’তে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানা আক্তার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারওয়ার, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন প্রমুখ।
