সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করলে দীর্ঘ যানজটে নাকাল হয়েছে যাত্রীরা।
সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো ও অটোভ্যান রিকশাচালক-শ্রমিকরা গতকাল রবিবার বেলা ১১টার দিকে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশ করে। এতে ঢাকা-রাজশাহী ও পাবনা-বগুড়া মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে প্রায় ১৭ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় যাত্রীরা তপ্ত রোদে চরম ভোগান্তিতে পড়ে।
মহাসড়কে সিএনজি-অটোভ্যান রিকশা চলাচল করতে দেওয়ার দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ করে। অটোভ্যানচালক জাহের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হাজের আলী, সোলায়মান, তোরাব আলী, মানিক মিয়া, দসর আলী, লোকমান হোসেন, ছমিরউদ্দিন, একরাম হোসেন, ফজল মিয়া, হাসেম আলী, আবদুর রহিম, সুজন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, হাইওয়ে পুলিশ মহাসড়কে সিএনজি টেম্পো ও অটোভ্যান রিকশা বন্ধ করায় আমরা কর্মহীন হয়ে পারিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। এ থেকে রক্ষার্থে আমাদের মহাসড়কে অবিলম্বে সিএনজি টেম্পো ও অটোভ্যান রিকশা চলাচল করতে দিতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলন দিয়ে আমাদের দাবি আদায় করা হবে।
পরে খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিয়ে সিএনজি টেম্পো ও অটোভ্যান রিকশাচালকদের সঙ্গে আলোচনার পর তাদের দাবি পূরণের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামান জানান, সরকার মহাসড়কে রিকশাভ্যান ও সিএনজি টেম্পো চলাচল নিষিদ্ধ করেছে। কিন্তু প্রায় সময়ই এ মহাসড়কে রিকশা-ভ্যান ও সিএনজি টেম্পো চলাচল করে থাকে। এতে এ মহাসড়কে দুর্ঘটনা ঘটে।
