আগস্টে ডিএসইর ১১ কোটি টাকা কম রাজস্ব আদায়

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৮ এএম

জুনে সমাপ্ত হিসাব বছরের কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকদের শেয়ার কেনাবেচায় নিষেধাজ্ঞা থাকায় স্টক এক্সচেঞ্জ থেকে আগস্টে সরকারের রাজস্ব আদায় কমেছে।  এক মাসের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে রাজস্ব আদায় কমেছে ১১ কোটি টাকার বেশি। এ সময় স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণও কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিকিউরিটিজ আইন অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির হিসাব বছর শেষ হওয়ার আগের দুই মাস থেকে বার্ষিক আর্থিক প্রতিবেদন পরিচালনা পর্ষদ কর্তৃক গৃহীত হওয়ার সময় পর্যন্ত সংশ্লিষ্ট কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার কেনাবেচায় নিষেধাজ্ঞা রয়েছে। আগস্টে অধিকাংশ কোম্পানির লভ্যাংশ ঘোষণা হয়নি। সে কারণে তাদের শেয়ার কেনাবেচায় নিষেধাজ্ঞার কারণে রাজস্ব আদায় কমেছে।

ডিএসইর তথ্যমতে, গত মাসে ডিএসইতে মোট রাজস্ব আদায় হয়েছে ৮ কোটি ৩২ লাখ ৬৩ হাজার ৬৩৯ টাকা। আগের মাসে ডিএসইতে মোট রাজস্ব আদায় হয়েছিল ১৯ কোটি ৫৪ লাখ ৭৬ হাজার ৩৪১ টাকা। এক মাসের ব্যবধানে রাজস্ব আদায় কমেছে ১১ কোটি ২২ লাখ ১২ হাজার ৭০২ টাকা।

আগস্টে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি থেকে রাজস্ব আদায় হয়েছে ৯২ লাখ ৯১ হাজার ৭৬৫ টাকা। জুলাই মাসে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি থেকে রাজস্ব আদায় হয়েছিল ১০ কোটি ৫৪ লাখ ৭৬ হাজার ৩৪১ টাকা।

এক মাসের ব্যবধানে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি থেকে রাজস্ব আদায় কমেছে প্রায় ৯ কোটি ৬১ লাখ ৮৪ হাজার ৫৭৬ টাকা।

এদিকে আগস্ট মাসে শেয়ার লেনদেন থেকে রাজস্ব আদায় হয়েছে ৭ কোটি ৩৯ লাখ ৭১ হাজার ৮৭৪ টাকা।

জুলাই মাসে শেয়ার লেনদেন থেকে রাজস্ব আদায় হয়েছিল ৮ কোটি ৯৪ লাখ ৬৫ হাজার ৫১৪ টাকা।

এ খাতের রাজস্ব আদায় মাসের ব্যবধানে কমেছে ১ কোটি ৫৪ লাখ ৯৩ হাজার ৬৪০ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত