১৮০ কোটি টাকার শুল্ক কর ফাঁকির অভিযোগ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৯ এএম

বন্ডেড সুবিধার আওতায় আমদানি পণ্যে ১৮০ কোটি টাকার শুল্ক কর ফাঁকির অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে ১০৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট। বন্ড সুবিধার অপব্যবহার প্রতিরোধে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই এই ছয় মাসে ১৪২টি প্রিভেন্টিভ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে শুল্ক কর ফাঁকির এই তথ্য পাওয়া যায়।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বাসসকে বলেন, ‘শিল্পায়নের বিকাশ ও রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে সরকার রপ্তানিমুখী শিল্পের জন্য বন্ড সুবিধা দিয়ে যাচ্ছে। কিন্তু কিছু প্রতিষ্ঠান এর অপব্যবহার করছে। তাই আমরা বন্ডেড সুবিধার অপব্যবহার প্রতিরোধে কঠোর হচ্ছি। শুল্ক কর ফাঁকির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, বন্ড সুবিধার অপব্যবহার প্রতিরোধে বন্ডেড ওয়্যারহাউজ আকস্মিক পরিদর্শন, রাত্রিকালীন টহল, অবৈধ বিক্রয় স্থলে হানা ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত