ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন হাসান ফকির (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন হাসানের মৃত্যু হয়।
হাসান পুরান ঢাকায় মদিনা কোল্ড স্টোরেজের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বাগেরহাট চিতলমারী উপজেলায়।
হাসপাতাল সূত্র ডেঙ্গু জ্বরে হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
হাসান ফকিরের ছোট ভাই হুমায়ন ফকির জানান, হাসান পুরান ঢাকার বাবু বাজার ব্রিজের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন। জ্বর হলে গত শুক্রবার তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়।
তিনি জানান, পরীক্ষা-নিরীক্ষায় হাসানের ডেঙ্গু জ্বর ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
