হঠাৎ মুম্বাইয়ের রাস্তায় প্লাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বলিউড তারকা শ্রদ্ধা কাপুর, দিয়া মির্জাসহ অনেক বলিউড তারকাকে। উৎসুক জনতার ভিড় ঢেলে সামনে যেতেই জানা গেল, গাছ বাঁচাতেই এভাবে রাস্তায় দাঁড়িয়েছেন বলিউড তারকারা।
জানা যায়, ভারতের ‘আরে বন’ রক্ষার দাবিতে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন বলিউড তারকারা। ‘মুম্বাইয়ের ফুসফুস’ বলে পরিচিত এই বনের ২ হাজার ৭০০ গাছ কেটে ফেলার অনুমোদন দেওয়ায় চটেছেন পরিবেশ সচেতন নাগরিকরা। রোববার ওই বনের সামনে এক মানববন্ধন করেন প্রকৃতিপ্রেমী ও পরিবেশ সচেতন নাগরিকরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এক ঝাঁক বলিউড অভিনেত্রী। তাদের মধ্যে ছিলেন শ্রদ্ধা কাপুর, দিয়া মির্জা, রাভিনা ট্যান্ডন, এশা গুপ্তা, অভিনেতা রণদীপ হুদা, কমেডিয়ান কপিল শর্মা, প্লে-ব্যাক সংগীতশিল্পী শান প্রমুখ।
শ্রদ্ধা পৌরসভার গাছ কেটে ফেলার সিদ্ধান্তে প্রচণ্ড হতাশ। তিনি ইনস্টাগ্রামে লাইভে এসে বলেন, ‘আমরা প্রকৃতি মাকে রক্ষার জন্য একত্র হয়েছি। ইতিমধ্যে দূষণজনিত সমস্যায় ভুগছি আমরা। এ পরিস্থিতিতে গাছ কাটার অনুমতি কীভাবে দেওয়া হলো?’
