তাজিকিস্তানে প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:২২ পিএম

তাজিকিস্তানে প্রথম প্রস্তুতি ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। স্থানীয় এফসি কুকতোসের বিপক্ষে ০-২ গোলে হারে জেমি ডের শিষ্যরা।

বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু তাজিকিস্তানের দুশানবেতে।

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই দুশানবেতে পা রেখেছে বাংলাদেশ। মঙ্গলবার খেলে নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটি।

এফসি কুকতোসে তাজিকিস্তান লিগের তিন নম্বর দল। ম্যাচটি হয়েছে দুশানবের হিসোর স্টেডিয়ামে। একদিন আগে পৌঁছে এদিন টার্ফের মাঠে মানিয়ে নিতে সমস্যা হয়েছে বাংলাদেশের ফুটবলারদের।

ম্যাচের ১২ মিনিটেই মহিউদ্দিনের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। প্রথমার্ধে এই লিড ধরে রেখে বিরতে যায় এফসি কুকতোস। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৩ মিনিটে ফের গোল হজম করে জেমি ডের দল।

ম্যাচটিতে স্কোয়াডের সবাইকে পরখ করে নিতে চেয়েছেন বাংলাদেশ কোচ। দ্বিতীয়ার্ধে ৯ জন খেলোয়াড় বদল করেন তিনি। তবে ম্যাচের ফল বদলায়নি তাতেও।

বৃহস্পতিবার স্থানীয় লিগের আরেক দল সিএসকে পামিরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত