ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান অভিযানে ১১ হাজার ১৮২টি বাড়ি ও স্থাপনার মধ্যে ৯০টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।
মঙ্গলবার চলমান এ অভিযানে লার্ভা পাওয়া ওইসব বাড়ি ও স্থাপনায় ‘এ বাড়ি বা স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়’ লেখা স্টিকার লাগানো হয়।
এছাড়া ৬ হাজার ৫৬২টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থানে জমে থাকা পানি পাওয়ায় ওইসব স্থান ধ্বংস করা হয়। ডিএনসিসির একাধিক ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
ডিএনসিসির কর্মকর্তারা জানান, গত ২৫ আগস্ট থেকে ১০ দিনে ৩৬টি ওয়ার্ডে মোট ১ লাখ ৬ হাজার ৯৮২টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১ হাজার ৮৯৩টিতে এডিস মশার লার্ভা খুঁজে পাওয়া যায়।
এছাড়া ৫৮ হাজার ১৫টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান জমে থাকা পানি পাওয়া যায়। সেসব স্থান ধ্বংস করে লার্ভিসাইড প্রয়োগ করা হয়েছে।
ডিএনসিসির অভিযানে মিরপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ দুটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া উত্তরার ৪ ও ৭ নম্বর সেক্টরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন অবৈধভাবে স্থাপিত ২৭টি স্থাপনা উচ্ছেদ করেন।
