পঞ্চগড় সদর উপজেলার জালাসী এলাকায় আরিফা আক্তার (৮) নামে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। পরিবারের দাবি, ঘর থেকে ওড়না দিয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। আরিফা পঞ্চগড় পৌরসভার জালাসী হঠাৎপাড়া এলাকার রাজমিস্ত্রি আমিনুল ইসলামের তৃতীয় মেয়ে। সে জালাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত।
আরিফার পরিবার জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর সন্তানদের বাড়িতে রেখে হাসপাতালে এক স্বজনকে দেখতে যান আরিফার মা সেলিনা আক্তার। বাবা আমিনুল ইসলামও কাজ থেকে বাড়ি ফিরেননি। সেলিনা বাড়ি ফিরে দেখতে পান ভেতর থেকে ঘরের দরজা লাগানো। বারবার দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে সাড়া না পেয়ে পাশের জানালা দিয়ে দেখতে পান খাটের স্ট্যান্ডের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় আরিফার দেহ ঝুলছে। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরিফার বাবা আমিনুল ইসলাম বলেন, কীভাবে কী হলো আমি বুঝতে পারছি না। আরিফা একটু জেদি প্রকৃতির ছিল। সকালে ২০ টাকা আবদার করেছিল আমি ১০ টাকা দিয়ে যাই।
