আশুলিয়ার শ্রীপুরে সাবেক পানিসম্পদমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন মঞ্জুর মালিকানাধীন এজিজ কটন মিলসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে সাড়ে তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ভোররাত ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের কাজ শুরু করি। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় প্রচণ্ড বেগ পেতে হয়। পরে আরও তিনটি ইউনিট কাজে যোগ দেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি বলেন, আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় কারখানাটির বিপুল পরিমাণ সুতা এবং সুতার তৈরির কাঁচামাল পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।
