ব্রেক্সিট সংকটে মন্ত্রিত্ব ছাড়লেন জনসনের ভাই

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৩ এএম

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসা (ব্রেক্সিট) নিয়ে চলমান সংকটের মধ্যে পার্লামেন্ট সদস্য (এমপি) ও মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের ছোট ভাই জো জনসন। তার ভাষ্য, পারিবারিক আনুগত্য ও জাতীয় স্বার্থের মধ্যে পড়ে  ছিন্ন-বিচ্ছিন্ন হচ্ছিলেন তিনি।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ব্যবসাবিষয়ক মন্ত্রী ও দক্ষিণ-পূর্ব লন্ডনের অরপিংটন আসনের কনজারভেটিভ পার্টির এমপি  ‘সমাধানহীন দুশ্চিন্তাকে’ পদত্যাগের কারণ হিসেবে দেখিয়েছেন। ২০১৬ সালে ব্রেক্সিট নিয়ে গণভোটের সময় ইইউতে থাকার পক্ষে ভোট দিয়েছিলেন জো জনসন। অন্যদিকে তার ভাই ইইউ ছাড়ার পক্ষে প্রচার দলের নেতৃত্বদানকারীদের একজন।

চলতি সপ্তাহে চুক্তিহীন ব্রেক্সিট আটকানোর পদক্ষেপ সমর্থনকারী কনজারভেটিভ পার্টির ২১ এমপির কাছ থেকে দলীয় হুইপ পদ কেড়ে নেওয়া হয়। এরপর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর জন্য বড় ধাক্কা হয়ে এলো ভাইয়ের পদত্যাগ। এর আগে গত বছর সাবেক প্রধানমন্ত্রী টেরিজা মে’র ব্রেক্সিট চুক্তির বিরোধিতা করে মন্ত্রিত্ব ছেড়েছিলেন জো জনসন। তবে বরিস জনসন কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার পর জো আবার সরকারে যোগ দেন।

তার পদত্যাগ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, ‘কর্তব্যের জন্য জো জনসনকে ধন্যবাদ দিতে চান প্রধানমন্ত্রী। তিনি উজ্জ্বল, মেধাবী মন্ত্রী ও চমৎকার এমপি ছিলেন।’

ব্রেক্সিট নিয়ে অচলাবস্থার মধ্যে যুক্তরাজ্য সরকার আগামী সোমবার এমপিদের আগাম নির্বাচন নিয়ে ভোটাভুটির সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। আগামী সপ্তাহ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মুলতবি থাকবে ব্রিটিশ পার্লামেন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত