চুয়াডাঙ্গার রাজাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক নাজিম উদ্দীনের (৩৪) লাশ ফেরত দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদার জয়নগর সীমান্তের জিরো পয়েন্টে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের পর নিহত নাজিমের লাশ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়। গতকাল রাত সাড়ে ১০টার দিকে ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান দেশ রূপান্তরকে এ তথ্য জানান।
তিনি জানান, পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির ধোপাখালী বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার রেজাউল করিম এবং জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদসহ ১০ জন। অন্যদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন গেদে বিএসএফ ক্যাম্পের ইনচার্জ এসি সৌরভ সামন্তসহ ১০ জন।
বিজিবির কর্মকর্তা নজরুল আরও জানান, বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় কড়া প্রতিবাদ এবং লাশ ফেরত চেয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফকে চিঠি দেওয়া হয়। এরপর বিএসএফ তার লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে।
জীবননগর থানার পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ জানান, বিজিবির কাছে হস্তান্তরের পর রাতেই নাজিমের লাশ পুলিশের মাধ্যমে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
এর আগে গত বুধবার রাতে নাজিম উদ্দীনসহ ৭-৮ জন গরু ব্যবসায়ী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর সীমান্তে গেলে ভারতের গেদে আমতলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে নাজিম উদ্দীন ঘটনাস্থলেই নিহত হন। পরে বিএসএফ সদস্যরা তার লাশ টেনেহিঁচড়ে ভারতের ভেতরে নিয়ে যায়। এরপর বিএসএফ নাজিমের লাশ দেশটির কৃষ্ণনগর থানা পুলিশের হাতে তুলে দেয়। পরে ওইদিনই কৃষ্ণনগর হাসপাতালে তার লাশের ময়নাতদন্ত হয়।
