উখিয়ায় গহীন অরণ্যে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:১২ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল গহীন অরণ্য থেকে অস্ত্র ও গোলা-বারুদসহ সামরিক বাহিনীর পোশাক উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে এসব উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার দুর্গম এলাকা হলদিয়া ইউনিয়নের বড়বিল গ্রামটি অনেকটা সন্ত্রাসীদের আস্তানা হিসেবে খ্যাত। বিশেষ করে এলাকাটি পার্বত্য অঞ্চলের নিকটবর্তী হওয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের বিচরণ ছিল এই গ্রামে।

স্থানীয় এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে একদল পুলিশ ঘটনাস্থল হলদিয়া উত্তর বড়বিল পাহাড়ি অঞ্চলে অভিযান চালায়। এসময় বাঁশ ঝাড়ের ভেতরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৪টি দেশীয় অস্ত্র, কার্তুজ রাইফেল ৪টি, দেশীয় অস্ত্রের কার্তুজ ২টি, আনসার পোশাক ৩ সেট, সামরিক বাহিনীর পোশাকের মতো ২ সেট, আনসার ক্যাপ ৪টি, ব্লেড ১ জোড়া, পিটি শো ১ জোড়া, ৩ জোড়া মোজা উদ্ধার করা হয়।

স্হানীয়রা জানায়, সংঘবদ্ধ একটি দল রাতের অন্ধকারে এলাকায় ভয়ভীতি প্রদর্শন বা ডাকাতি কাজে ব্যবহার করার জন্য এসব অস্ত্র মজুদ করতে পারে।

হলদিয়া পালং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম বলেন, অস্ত্র উদ্ধারের কথা শুনেছি।

উখিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এখান পর্যন্ত কোনো আসামিকে আটক করতে পারেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত