ঝিনাইদহ শহর থেকে ১২টি স্বর্ণের বারসহ শফির উদ্দিন (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬। শনিবার দিবাগত রাত ২টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পৌর এলাকার বিসিক শিল্প নগরীর সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক শরিফ উদ্দিন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পাড়ার শফি উদ্দিনের ছেলে।
ঝিনাইদহ র্যাব-৬, এর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ঢাকা থেকে বাসযোগে একটি স্বর্ণের চোরাচালান দর্শনার দিকে যাচ্ছে। এমন খবরের ভিত্তিতে রাতে বিসিক শিল্প নগরীর এলাকায় চেকপোস্ট বসায় র্যাব।
এসময় ঢাকা থেকে দর্শনাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে শরিফ উদ্দিনকে আটক করা হয়।
পরে তাকে তল্লাশি করে জুতার ভেতরে লুকানো অবস্থায় ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
