আয়কর বিবরণীর ভুল তথ্য বের করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার প্রযুক্তির সাহায্য নেবে। এ লক্ষ্যে ‘রিটার্ন প্রসেসিং টুলস’ নামে একটি টুলস উদ্ভাবন করেছে করাঞ্চল-১০। কোনো করদাতা আয়কর বিবরণীতে ভুল তথ্য দিলে বা হিসাবে গরমিল দেখালে এর সাহায্যে সহজেই সেটা যাচাই করা সম্ভব হবে।
করাঞ্চল-১০ এই টুলস ব্যবহার করে এরই মধ্যে ৬০ হাজার আয়কর বিবরণী যাচাই করে ভুল তথ্য ও কর হিসাবের গরমিল উদঘাটনে সক্ষম হয়েছে। এখন অন্যান্য করাঞ্চলেও এই টুলস ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।
এনবিআরের প্রধান উদ্ভাবনী কর্মকর্তা ও সংস্থাটির সদস্য কানন কুমার রায় গতকাল বাসসকে বলেন, ‘অনেকে বিবরণীতে জেনে-বুঝে তথ্য ভুল দেন। আবার কেউ কেউ যেসব খাতে কর প্রযোজ্য হবে তা ভুলবশত রেয়াত হিসেবে দেখান কিংবা হিসাবে গরমিল করেন। করদাতা আয়করকে রেয়াত হিসাবে দেখালে কিংবা কর হিসাবে গরমিল করলে “রিটার্ন প্রসেসিং টুলস” সেটা যাচাই করবে।’
তিনি বলেন, অন্যান্য করাঞ্চলে এই টুলস ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই সব করাঞ্চলকে এই টুলস ব্যবহারের নির্দেশনা দেওয়া হবে বলে তিনি জানান।
