ট্রাস্ট পরিবহনকে আইনি নোটিস

২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছে কৃষ্ণার পরিবার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৮ এএম

রাজধানীর বাংলামোটরে ট্রাস্ট পরিবহনের বাসচাপায় পা হারানো কৃষ্ণা রায় চৌধুরীর পরিবার দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছে। গতকাল সোমবার আইনজীবীর মাধ্যমে কৃষ্ণা রায়ের স্বামী রাধেশ্যাম চৌধুরী ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর ডাকযোগে এ সংক্রান্ত একটি আইনি নোটিস পাঠান।

বিষয়টি নিশ্চিত করে রাধেশ্যামের আইনজীবী মো. ইমরান হোসাইন রুমেল দেশ রূপান্তরকে বলেন, ‘এই ঘটনায় কৃষ্ণা রায়ের ব্যক্তিগতভাবে দুর্ভোগের জন্য এক কোটি টাকা ও তার পারিবারের দুর্ভোগের জন্য এক কোটি; মোট দুই কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে ট্রাস্ট পরিবহনের কাছে। এতে ৭২ ঘণ্টার সময় দেওয়া হয়েছে। যদি এ সময়ের মধ্যে ক্ষতিপূরণের এই টাকা না দেওয়া হয় কিংবা নোটিসের জবাব না পাই তাহলে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন ভুক্তভোগীর স্বামী।’ 

আইনজীবী আরও জানান, ক্ষতিপূরণের এ অর্থ সংগ্রহ করে কৃষ্ণা রায় ও তার পরিবারকে দেওয়ার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিআরটিএ’র চেয়ারম্যান ও ঢাকার জেলা প্রশাসক বরাবর নোটিসের অনুলিপি পাঠানো হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিইটিসি) হিসাব বিভাগের সহকারী ব্যবস্থাপক কৃষ্ণা রায় চৌধুরী গত ২৭ আগস্ট বাংলামোটরের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ট্রাস্ট পরিবহনের একটি বাস ফুটপাতে উঠে তাকে চাপা দেয়। এতে তার বাম পা হাঁটুর নিচ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর জীবন বাঁচাতে রাজধানীর পঙ্গু হাসপাতালে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তার বাম পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলেন চিকিৎসকরা। এরই মধ্যে চালক মোরশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।  স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত